আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা ২৫০ দিন একটি ধুসর রঙের ইস্পাতের যুদ্ধজাহাজে কার্যত বন্দি থাকার পর থাইল্যান্ডের রিসোর্ট শহর পাতায়ায় পা রেখেছেন মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর প্রায় ৫ হাজার নৌসেনা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বে উপকূলের বার ও প্রমোদকেন্দ্রগুলোতে ছোটার আগে প্রথম কয়েক ঘণ্টা শপিংমলে কেনাকাটা করতেই বেশি আগ্রহী দেখা গেছে তাদের।
উপকূলে অবস্থানকালে অবস্থান করার জন্য নির্ধারিত দুটি সৈকতসংলগ্ন হোটেলের একটি-‘হাল্ড রক হোটেল’-এ সম্প্রতি কেনা জিনিসপত্র হাতে ঘুরতে দেখা যায় সেনাদের।
দীর্ঘ দীর্ঘতম সমুদ্রযাত্রা শেষে মলে যাওয়ার মতো সাধারণ একটি অভিজ্ঞতাই হয়তো এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ছোট চুল, গোঁফ আর নৌবাহিনীর টিশার্টে পাতায়ার সাধারণ স্যান্ডেল ও বিচওয়্যার পরা পর্যটকদের ভিড়ে তাদের সহজেই আলাদা করা যাচ্ছিল।
গতকাল বুধবার থাইল্যান্ডে পৌঁছান এই মার্কিন সামরিক সদস্যরা।
রাতে ঝলমলে নিয়ন বাতি, শোরগোল এবং নৈশজীবনের রকমারি পসরা নিয়ে জেগে ওঠে পর্যটন শহর পাতায়া।
স্থানীয় ব্যবসায়ীরা আশা করছিলেন, সমুদ্রে কাটানো গত ৯ মাসের জমে থাকা বেতন থেকে নৌসেনারা বড় অঙ্কের অর্থ খরচ করবেন। তবে পাতায়ার যৌনতায় না জড়াতে মার্কিন সেনাদের নিষেধ করা হয়েছে এবং তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, থাইল্যান্ডে পতিতাবৃত্তি নীতিগতভাবে অবৈধ।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত- যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন সম্প্রতি মোতায়েন ছিল, তার প্রভাব পাতায়ার ব্যবসা-বাণিজ্যেও পড়েছে। অনেক পর্যটকই এই পরিস্থিতির কারণে ভ্রমণ এড়িয়ে ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বুধবার রাতে শহরটির সবচেয়ে বিখ্যাত প্রমোনেড ‘ওয়াকিং স্ট্রিপ’ মার্কিন সেনাদের জন্য উন্মুক্ত ছিল। এর প্রবেশদ্বারে মার্কিন রণতরীর নাবিকদের স্বাগত জানিয়ে একটি বিশাল আলোকসজ্জিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
মধ্যরাতের দিকে সেখানকার কয়েকজন তরুণ নাবিককে এতটাই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায় যে, পথ চলতে একে অপরকে ধরে রাখতে হচ্ছিল। আবার কাউকে কাউকে ইতস্তত বোধ করে গো-গো বারগুলোর দিকে পা বাড়াতে দেখা যায়।
এক বয়স্ক নাবিক জানান, এই স্বস্তির বিরতিটা তাদের সত্যিই খুব দরকার ছিল। তিনি বলেন, ‘সংবাদে বলা হচ্ছে আমরা নাকি ৯ মাস ধরে সমুদ্রে আছি। সত্যি বলতে, আমি সময়ের হিসাব হারিয়ে ফেলেছি। জীবনটা বেশ একঘেয়ে হয়ে উঠেছিল। হাজার হাজার মানুষের সঙ্গে শেয়ার করার ফলে রণতরীটি বিশাল হওয়া সত্ত্বেও এটিকে জাহাজ বলেই মনে হতো।’
ক্যালিফোর্নিয়া যেতে আর কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক দিন।’
২৫ বছর বয়সী নাবিক জাডা ফেয়ারফ্যাক্সের মা শাকেরা ফেয়ারফ্যাক্স রয়টার্সকে জানান, গত কয়েক মাসে এমন কিছু মুহূর্ত গেছে যখন সেনাদের মনোবল একেবারেই ভেঙে পড়েছিল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সময়টা অনিশ্চিত ও ভীতিকর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শুধু ওর মুখের হাসি দেখতে আর মা ডাক শোনার অপেক্ষায় আছি।’
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের সামরিক অভিযানে ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ জীবনযাপন ও পরিবেশ কেমন ছিল- যেটি নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনা চলছে, তা নিয়ে মিডিয়ায় কোনো কথা না বলতে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল নাবিকদের। অনেক সদস্যই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ইতস্তত করছিলেন, আবার কেউ কেউ মিডিয়া টিমের দিকে আঙুল নির্দেশ করেন।
পাতায়ার রাস্তায় ‘শোর লিয়াজোঁ গ্রুপ’ লেখা টি-শার্ট পরিহিতদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তরুণ ও অনভিজ্ঞ নাবিকদের নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলারক্ষা এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করাই তাদের মূল কাজ।
মার্কিন নৌবাহিনীর প্রতিনিধি ক্রিস্টোফার রবিনসন বিবিসিকে নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কিত কোনো প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জানান, তারা নাবিকদের সর্বোচ্চ বিশ্রাম দেওয়ার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত করেন যে, সেনা সদস্যরা মার্কিন আইন, নৌ সামরিক বিধি এবং থাইল্যান্ডের আইন মেনেই চলবেন।
মধ্যপ্রাচ্যে দীর্ঘ মোতায়েন শেষে ক্যালিফোর্নিয়ায় ফেরার পথে থাইল্যান্ডের দীর্ঘদিনের মিত্র এই দেশের পাতায়ায় নোঙর ফেলার সিদ্ধান্তকে যুক্তিযুক্ত বলেই মনে করা হচ্ছে। রণতরীটির এই সফর মার্কিন সেনাদের দীর্ঘ ও কঠিন মিশন শেষে মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি

