শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
হলি ক্রস কলেজ ও হলি ক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ক্যানসার সচেতনতা বৃদ্ধি ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে স্ক্রিনিংয়ের জন্য পাঁচ শতাধিক নারী নিবন্ধন করেন। এতে দ্বাদশ শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। কর্মসূচিতে সহযোগিতা করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব।
নিবন্ধিত নারীদের নিজে নিজে স্তন পরীক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ দেন ডা. সাদিয়া হাবিব অর্পি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ।

