• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে ৫ সদস্যের বাংলাদেশ দল

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৪
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৪

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে ৫ সদস্যের বাংলাদেশ দল

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ সদস্যের চূড়ান্ত দল নির্বাচিত করা হয়েছে। রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে এই দল নির্বাচন করা হয়েছে। সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) এবং জিরো কম্পিটিশনস যৌথভাবে এই আয়োজন করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাশান দূতাবাসের কালচারাল উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আসন্ন আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থী হলেন আবু মাহজুরাহ আয়মান, ফাবিহা নূরজিনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব এবং কামরুন নাহার মেঘা। এই পুরো প্রতিনিধিদলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদ উদ্দিন। পাশাপাশি, পর্যবেক্ষক হিসেবে এই দলের সঙ্গে রাশিয়া সফর করবেন ফেরদৌস আহমেদ।

রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলগুলো মুখোমুখি হবে। জলবায়ু বিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন-সম্পর্কিত তাত্ত্বিক, ব্যবহারিক এবং প্রকল্পভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লড়বেন প্রতিযোগীরা।

চলতি বছরের ১৭ জুলাই সারা দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইন প্রাথমিক পর্বের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে রাজধানী ঢাকাসহ রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অতিরিক্ত অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এসব আঞ্চলিক পর্যায়ে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে মেধার ভিত্তিতে সেরা ৩০০ শিক্ষার্থীকে ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরে ২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের এই আন্তর্জাতিক দল নির্ধারণ করা হয়।

প্রতিযোগীদের বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, তথ্য বিশ্লেষণের সক্ষমতা এবং জটিল সমস্যা সমাধানের দক্ষতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করে দল চূড়ান্ত করা হয়েছে।