শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করতে বিভিন্ন অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। নানা ধরনের অপশক্তি এই অটুট বন্ধন ভেঙে দেওয়ার চেষ্টা করলেও সফল হবে না।
তিনি বলেন, ‘আমাদের এ অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’
ধর্মীয় ট্রাস্ট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে এবং তা প্রতিষ্ঠিত করেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

