• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মৃত্যুবার্ষিকীতে বদরুদ্দীন উমরের কবরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪

মৃত্যুবার্ষিকীতে বদরুদ্দীন উমরের কবরে শ্রদ্ধা নিবেদন

মৃত্যুবার্ষিকীতে বদরুদ্দীন উমরের কবরে শ্রদ্ধা নিবেদন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

লেখক, গবেষক ও মার্কসবাদী তাত্ত্বিক বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ (টাফ) কয়েকটি দল ও সংগঠন।

সোমবার সকালে রাজধানীর জুরাইন গোরস্তানে এসব সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সহ-সভাপতি মুঈনুদ্দীন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা আবদুস সামাদ ও রফিক আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সাধারণ সম্পাদক সৌরভ রায় এবং ঢাকা নগর শাখার সম্পাদক মোহাম্মদ বোরহান শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

বদরুদ্দীন উমরের জীবন ও কর্মের স্মৃতিচারণ করে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা ফয়জুল হাকিম বলেন, বাংলাদেশের বিপ্লবী আন্দোলন গঠনে, শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে বদরুদ্দীন উমর তার সমগ্র জীবন ব্যবহার করেছেন। মানুষ তার নিজের জীবন ব্যবহার করার সুযোগ পায় জীবনে শুধুমাত্র একটিবার, উমর তার সেই জীবনকে ব্যবহার করেছিলেন সমাজের আমূল পরিবর্তনে।

ফয়জুল হাকিম বলেন, তিনি একধারে গণতান্ত্রিক ও বিপ্লবী সংগ্রামের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, শাসক শ্রেণি ও বিদ্যমান সমাজের শ্রেণি বিশ্লেষণ করে মুক্তির পথ নির্দেশ করে গেছেন এবং একই সঙ্গে সমাজ বিপ্লবের হাতিয়ার বিপ্লবী পার্টি নির্মাণে ভূমিকা রেখেছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত নেতাকর্মীরা ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘কমরেড বদরুদ্দীন উমর, লও লও লাল সালাম’ স্লোগান দেন।

পরে মাসিক ‘সংস্কৃতি’ পত্রিকার পক্ষ থেকে হাসিবুর রহমান ও মুঈনুদ্দীন আহমদ এবং প্রকাশনা সংস্থা ‘বাঙ্গালা গবেষণা’র পক্ষে প্রকাশক আফজালুল বাসারও সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

আ/আ