ঝিনাইদহ প্রতিনিধি
ছবি সংগৃহীত
সড়কে চলাচলকে কেন্দ্র করে বাস ও ইজিবাইক চালকদের বিরোধের জেরে সড়ক অবরোধ ও একাধিক ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়েন পথচারী ও দূরপাল্লার সাধারণ যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, মহাসড়কে ইজিবাইক চলাচল নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এলোপাতাড়ি বাস দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকদের হাতে কয়েকটি ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটে।
ইজিবাইক চালক রাসেল বলেন, ‘সড়কে ইজিবাইক চালিয়ে আমরা কোনোমতে রুটি-রুজির সংস্থান করি। অথচ বাস মালিক সমিতি অন্যায্যভাবে আমাদের চলাচলে বাধা দিচ্ছে। এর আগেও মহাসড়কে ইজিবাইক চালানোর সুযোগ দেওয়ার নামে বাস মালিকদের টাকা দিতে হয়েছে। কিন্তু চাঁদা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না, এখন আমাদের ওপর জোর খাটিয়ে পথ আটকে দেওয়া হচ্ছে।’
জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক ওহিদুল আলম খোকন বলেন, ‘কিছুদিন আগে মহাসড়কে বাস ও ইজিবাইক চলাচলের বিষয়ে দুই সমিতির মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়। চুক্তি অনুযায়ী আঠারো মাইল সীমানা পর্যন্ত ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। আজ বিষয়টি সরেজমিনে তদারকি করতে গেলে আঠারো মাইল এলাকায় ইজিবাইক চালকরা হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’
তিনি আরও জানান, এই হামলার প্রতিবাদেই উত্তেজিত বাস শ্রমিকরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন এবং একপর্যায়ে কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

