• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরায় ৪২ চিত্রশিল্পীকে সম্মাননা

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৫
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৫

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরায় ৪২ চিত্রশিল্পীকে সম্মাননা

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ‘উৎসবে গর্বে দায়িত্বে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রথিতযশা শিল্পীদের ক্যানভাসে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য চমৎকারভাবে ফুটে উঠেছে। অতীত ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করতে হবে। কারণ অতীতকে ভিত্তি করেই আধুনিক সমাজ সমৃদ্ধ হয়।

তিনি ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচির প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন নগরবাসীর মধ্যে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেন, ব্রিটিশ আমলে প্রখ্যাত চিত্রশিল্পীরা একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন চিত্র তুলে ধরেছিলেন। প্রায় এক শতাব্দী পর ডিএসসিসি আবারও প্রথিতযশা শিল্পীদের নিয়ে ঢাকাকে চিত্রের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনন্য উপহার হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, চিত্রশিল্প সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ভাষার প্রচলন ও আনুষ্ঠানিক শিক্ষার আগে থেকেই মানুষ চিত্রশিল্পের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে আসছে।

তিনি মহান মুক্তিযুদ্ধে চিত্রশিল্পীদের অবদানের কথা স্মরণ করে জয়নুল আবেদিন, শাহাবুদ্দিন আহমেদ, দেবদাস চক্রবর্তী, স্বপন চৌধুরী ও নুরুন্নবী খানের মতো শিল্পীদের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হীনম্মন্যতা দূর করে তাদের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঁচটি বিভাগে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ঢাকাকে কেন্দ্র করে আঁকা ৪২টি চিত্রকর্মের জন্য ৪২ জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে এসব চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে চিত্রকর্মগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে অবস্থিত ‘নগর জাদুঘরে’ স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।