শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিষয় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জুলাই শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদে তার পক্ষ হয়ে উত্তর দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহিদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয়গুলো পড়ার সুযোগ পাবে।

