শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে “কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (CMSME)-এর কার্যকরী মূলধনের চাহিদা পূরণে ৫০০০ কোটি টাকার রিভলভিং রিফাইন্যান্স ফান্ড”-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. আনিছুর রহমানের উপস্থিতিতে জনাব আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সিটিজেনস ব্যাংক পিএলসি এবং জনাব মো. জবদুল ইসলাম, পরিচালক, এসএমই এবং স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি), বাংলাদেশ ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহনাজ পারভীন; সিটিজেনস ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মো. মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমআর অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান জনাব বিজয় চন্দ্র দাস সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে সিটিজেনস ব্যাংক পিএলসি যোগ্য সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য আরও কার্যকরভাবে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে। এ স্কিমের আওতায় উদ্যোক্তারা ৯ শতাংশ সুদহারে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম টেকসইভাবে পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা করবে। এই উদ্যোগ সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে সিটিজেনস ব্যাংক পিএলসির অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

