• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৮
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিদ্যুৎস্পর্শ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফুল। এ সময় তিনি নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান মামুন ব্যক্তিগতভাবে ১০০ দিনে ১ হাজার কিলোমিটার ম্যারাথনের আয়োজন করেছেন। ওই আয়োজনের একটি ব্যানার লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মামুন আরিফুলের বিভাগের সিনিয়র।

শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো.বোরহান উদ্দিন বলেন, আরিফ আর আমাদের মাঝে নাই। আরিফ আল্লাহর জিম্মায় চলে গেছে।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, ওই ছেলেটা তো আসলে স্পটেই মারা গেছে বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর আমি বিষয়টি দেখেছি।

তিনি বলেন, ঘটনার সময় ১০টা বেজে কয়েক মিনিট হবে, যখন আমাকে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। অ্যাম্বুলেন্স তৈরিই ছিল, তাই আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে গাড়ির লোকেরা যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে, দুর্ঘটনাটি ঘটার পর স্পটেই তার মৃত্যু হয়েছে।

আ/আ