রংপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর মহিলা দলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবেন।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনার অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। রাজপথের এই লড়াইয়ে নারীরা আজ আর পিছিয়ে নেই; তারাও একেকজন রাজপথের যোদ্ধা। বৈষম্যবিরোধী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং তারা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছে।’
অনুষ্ঠানে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক পারুল বেগম, প্রচার সম্পাদক রেহানা বেগম, ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি নারগীজ আক্তারসহ মহানগর মহিলা দল এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।













