বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বরাবরই একটু ভিন্নধারার সিনেমায় কাজ করেন অভিনেত্রী তাপসী পান্নু। গল্পনির্ভর সিনেমা মানেই এই অভিনেত্রীর ঝলমলে উপস্থিতি। বলতে গেলে পর্দার সব রঙ যেন তার দখলেই থাকে। তবে মূলধারার বাণিজ্যিক সিনেমাতেও রয়েছে তার দাপট। ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ডাঙ্কি’তে অভিনয় করে মূলধারার বলিউডেও পা রেখেছিলেন অভিনেত্রী। ছবিটি বক্সঅফিসে শাহরুখের ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো সাড়া ফেলতে না পারলেও, তাপসীর অভিনয়জীবনে নাকি এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য ছবি। কিন্তু সেই সাফল্যের পরেও কেন একের পর এক বড় বাজেটের মূলধারার ছবিতে দেখা গেল না তাকে? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে তাপসী দাবি করেন, বাণিজ্যিক ছবিতে অভিনেত্রীদের চরিত্র অনেক সময়েই এমন হয়, যেখানে অভিনয় দক্ষতার চেয়ে অন্য বিষয় বেশি গুরুত্ব পায়। তার মতে, বাজারদর, জনপ্রিয়তা, পরিচিতি, ইন্ডাস্ট্রিতে যোগাযোগ এবং প্রভাব— সব মিলিয়েই ঠিক হয় কোন অভিনেত্রীকে ছবিতে নেওয়া হবে কি না। তাপসীর কথায়, ‘আমার মনে হয়, প্রত্যেক অভিনেতাই বদলযোগ্য। এমন নয় যে, কোনো একটি চরিত্র নির্দিষ্ট একজন ছাড়া আর কেউ করতে পারবেন না। প্রত্যেকে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারেন।’
অভিনেত্রীর বক্তব্য, অনেক বাণিজ্যিক ছবিতে নারী চরিত্র এতটা গুরুত্বপূর্ণ হয় না যে, কোন নায়িকা সেই চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে বিশেষ ভাবতে হবে। ফলে অভিনেত্রীর প্রতিভার চেয়ে তার বাজারদর, পরিচিতি কিংবা ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগই অনেক সময়ে বড় হয়ে ওঠে।
তাপসী স্পষ্টই স্বীকার করেছেন, এই জায়গাগুলোতেই তিনি অনেকটা পিছিয়ে। তার কথায়, ‘আমি যে জায়গায় এগিয়ে আছি, তা হলো আমার অভিনয়ের প্রতিভা।’
আর সেই কারণেই ‘ডাঙ্কি’তে কাজের সুযোগ পাওয়ার কৃতিত্ব সম্পূর্ণ ভাবে পরিচালক রাজকুমার হিরানিকে দিয়েছেন এই অভিনেত্রী।
তাপসীর দাবি, হিরানি তার আগের কাজ দেখেই তাকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘রাজু স্যার আমার ব্যাপারে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। ইন্ডাস্ট্রিতে এমন পরিচালক খুব বেশি নেই, যারা কোনো অভিনেত্রীকে শুধু তার অভিনয় দক্ষতার ভিত্তিতে ছবিতে নেওয়ার ব্যাপারে এতটা নিশ্চিত থাকেন।’
তাপসীর শেষ ছবি ‘গান্ধারী’। মেয়েকে অপহরণের পর তাকে উদ্ধার করতে এক মায়ের মরিয়া লড়াইকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে প্রতিশোধ এবং আত্মত্যাগের গল্প উঠে এসেছে। তবে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এ কারণে তাপসীর আক্ষেপ রয়েছে যথেষ্ট।

