শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলে ছিনতাই করতে গিয়ে নয়ন (১৯) নামে এক তরুণকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। পরে তাকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) হাতিরঝিলের মহানগর পশ্চিম (জিএমজি) এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইয়ের চেষ্টা চালালে দর্শনার্থীদের চিৎকার শুনতে পান সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা। এপিসি শেখ রাসেলের নেতৃত্বে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ছিনতাইয়ের চেষ্টাকারীকে আটক করতে সক্ষম হন।
আটককৃত নয়নের বাবার নাম মামুন। সে ঢাকার তেজগাঁও থানাধীন মহাখালী এলাকার বাসিন্দা।
এ সময় দায়িত্ব পালন করেন এপিসি শেখ রাসেল, আনসার মো. জাকির হোসেন এবং আনসার মো. তাহিম মোল্লা। পরবর্তীতে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক যুবককে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার সূত্র জানায়, রাতে হাতিরঝিলে ছিনতাইয়ের সময় আশপাশের লোকজনের চিৎকার শুনতে পান সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে এপিসি শেখ রাসেলের নেতৃত্বে আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে নয়নকে আটক করেন। আটক নয়ন তেজগাঁওয়ের মহাখালী এলাকার বাসিন্দা।
আ/আ

