শরীয়তপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
শরীয়তপুরে পাঁচ দিনের ব্যবধানে আবারও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে অন্তত শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ডগ্রি এলাকায় মিছিলটি হয়।
এর আগে গত রোববার সকালে একই মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায়ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতা-কর্মীরা।
মিছিলের ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ঢাকা-শরীয়তপুর সড়কে মিছিল করেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘আমাদের ধমনীতে মুজিবের রক্ত’ ও ‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে সড়কে ভ্যান, মোটরসাইকেল ও বাস চলাচলও দেখা যায়।
তবে মিছিলের বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে জানিয়েছে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পালং থানা এলাকায় কোনো মিছিল হয়নি। পরে ভিডিও দেখে তিনি জানান, ঘটনাস্থলটি নড়িয়া থানার ডগ্রি এলাকা।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

