• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২

সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
সংসদে মতপ্রকাশের স্বাধীনতা ও শালীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, আগের দিন সংসদে বক্তব্য দেওয়ার পর আশপাশের কয়েকজন সদস্য তাকে ‘অকথ্য ভাষায় গালাগালি’ করেছেন। এ ধরনের আচরণ সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি।’

তিনি বলেন, ‘কারও বক্তব্যের পাল্টা বক্তব্য থাকলে সংসদীয় নিয়ম মেনে তা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বক্তব্য শেষ করার পর তাকে গালাগালি করা হয়েছে, যা কোনো দেশের সংসদে হওয়া উচিত নয়।’

রুমিন ফারহানা বলেন, ‘সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের মধ্যে ভিন্নমত থাকতেই পারে। তবে সেই মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত।’

এরপর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘র‍্যাব বিলুপ্ত করে গঠিতব্য এসআরবি যেন শুধু নাম ও পোশাক পরিবর্তনের মাধ্যমে র‍্যাবের নতুন রূপে পরিণত না হয়।’ অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি, নির্যাতন ও ভীতির অভিজ্ঞতার পুনরাবৃত্তি তিনি চান না বলেও জানান রুমিন। রাষ্ট্রীয় বাহিনীকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আইন ও শৃঙ্খলার মধ্যে পরিচালনার আহ্বান জানান তিনি।

এর আগে, বিরোধী দলের আপত্তির মধ্যেই এসআরবি বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়। পরে এপিবিএন বিল নিয়ে আলোচনায় অংশ নেন রুমিন ফারহানা।

এ সময় স্পিকারও সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সময় পরস্পরের প্রতি বাধা না দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।