শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে আসার পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক ব্যবস্থা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এবারের বৈঠকের প্রধান আকর্ষণ জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্যের উপস্থিতি। অতি সম্প্রতি দলের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরামে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ। তাদের অন্তর্ভুক্তির পর এটিই হতে যাচ্ছে স্থায়ী কমিটির প্রথম পূর্ণাঙ্গ বৈঠক।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের কৌশল, ব্রিকস সম্মেলন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে শুনেছেন।

