• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ইবিতে ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫

ইবিতে ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইবিতে ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনে আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন উপাচার্য। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান সাংবাদিকদের বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর রয়েছে। আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এ সময় কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলটি উদ্বোধনের জন্য তাকে অনুরোধ জানালে তিনি রাজি হয়েছেন। আশা করি, আগামী মাসে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন।

সাক্ষাৎকালে উপাচার্য তার রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার হিসেবে দেন। এসময় প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

আ/আ