• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ, আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৩
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৩

বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ, আশাবাদ প্রধানমন্ত্রীর

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ধর্মীয় উপাসনালয় কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমদানি ও সরবরাহ পরিস্থিতি ইতোমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে এবং আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সংকট আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাগরে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটিতে আকস্মিক অগ্নিকাণ্ডের কারণে সরবরাহ ব্যাহত হয়েছিল, তবে অন্যটির ওপর চাপ কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে গত সপ্তাহ থেকে সরবরাহ শুরু হয়েছে।

পাশাপাশি জ্বালানি খাতে অসাধু উপায়ে অবৈধভাবে বাইপাস লাইন ব্যবহার করে গ্যাস নেওয়ার যে অপসংস্কৃতি গড়ে উঠেছে, তা রোধে দেশবাসীকে একযোগে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে পুরোপুরি বিদেশনির্ভর করে রেখেছিল। বর্তমান সরকার দায়িত্ব নিয়েই বাপেক্সকে সক্রিয় করতে ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশের অর্থনীতিকে সঠিক ট্র্যাকে রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তাই সীমিত সাধ্যের মধ্যেও ওয়াদা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে দেশের প্রতিটি সেক্টরে যে অচলাবস্থা তৈরি করা হয়েছিল, তা কাটিয়ে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।