বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বিয়ে করেছেন উপস্থাপিকা ও মডেল ইশরাত পায়েল। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে।’
একসঙ্গে জীবন কাটানোকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পায়েল লিখেছেন, ‘এখনকার সময় বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’
জানা গেছে, পায়েলের স্বামী আল-আমিন যুক্তরাষ্ট্রপ্রবাসী। পেশায় ব্যবসায়ী। অনেক দিন ধরেই দেশটিতে আছেন তিনি। এদিকে কবে বিয়ের পিঁড়িতে বসেছেন ইশরাত পায়েল–কৌতূহল অনেকের মাঝে। মন্তব্যের ঘরে জবাব দিয়েছেন এই উপস্থাপিকা। লিখেছেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারা জীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপস্থাপনার সঙ্গে যুক্ত ইশরাত পায়েল। ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’, ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’সহ বড় পরিসরে অনেক অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি।

