ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তার বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে এটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘জ্বালানিসংকটের অজুহাতে রুমিন ফারহানা জাতীয় সংসদে অসংসদীয় ভাষায় বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তার এ বক্তব্য আশুগঞ্জ উপজেলা বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। বিতর্কিত এ বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জের মাটিতে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

