• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পোস্টাল ব্যালটের সম্মতি মিলবে ই-মেইল ও হোয়াটসঅ্যাপে

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১

পোস্টাল ব্যালটের সম্মতি মিলবে ই-মেইল ও হোয়াটসঅ্যাপে

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের সম্মতি নেওয়া হবে ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটারদের বার্তা পাঠানো হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ইসি জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের মধ্যে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছিলেন, তাদের ই-মেইল ও হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন দেওয়া হবে। আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সম্মতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। এ ছাড়া যারা আগের নির্বাচনে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে অ্যাপে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা নিয়ে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।