• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ.লীগের ঝটিকা মিছিল ঘিরে ভয়ংকর ছক, নেপথ্যে কারা?

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪

আ.লীগের ঝটিকা মিছিল ঘিরে ভয়ংকর ছক, নেপথ্যে কারা?

আ.লীগের ঝটিকা মিছিল ঘিরে ভয়ংকর ছক, নেপথ্যে কারা?

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে ভয়ংকর ছকের তথ্য মিলেছে। গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে, এসব কর্মসূচির নেপথ্যে রয়েছেন দলটির পলাতক ও আত্মগোপনে থাকা কয়েকজন প্রভাবশালী নেতা। মাঠপর্যায়ের নেতাকর্মীদের নগদ অর্থ দিয়ে সংগঠিত করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

এদিকে গুলশানে বড় ধরনের ঝটিকা মিছিলের ঘটনা ভাবিয়ে তুলেছে পুলিশ প্রশাসনকে। এ ঘটনায় পুলিশের ব্যর্থতা ও দায়দায়িত্ব নির্ধারণে ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে এরই মধ্যে আওয়ামী লীগের ৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত আগস্ট মাসে সারা দেশে নিষিদ্ধ ছাত্র লীগের পক্ষ থেকে ১৪৩টি ঝটিকা মিছিল করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ৪৩টি এবং গ্রেফতার হয়েছে ২০৫ জন। চলতি মাসের প্রথম ৯ দিনে ছাত্রলীগের ৩১টি ঝটিকা মিছিলের ঘটনায় সাতটি মামলা হয়েছে এবং গ্রেফতার হয়েছেন ৫০ জন। অন্যদিকে চলতি মাসের প্রথম ১০ দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে ২২টি ঝটিকা মিছিল এবং একটি গোপন বৈঠকসহ আইনশৃঙ্খলা বিঘ্নসংক্রান্ত ৩৬টি ঘটনা ঘটানো হয়েছে।

গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক ছড়ানোর কৌশল হিসাবে মাঠপর্যায়ের কর্মীদের নগদ অর্থ দিয়ে সংগঠিত করা হচ্ছে। এসব অর্থের জোগান আসছে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ-সদস্য, মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের তহবিল থেকে। মিছিলে অংশ নিতে আসা কর্মীদের দৈনিক নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা ও যাতায়াত খরচ দেওয়া হয়। নেপথ্যে থাকা পলাতক নেতাদের প্রতিনিধি ও সহযোগীরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার অর্থ লেনদেন তদারকি করছে। এ বিষয়ে হুন্ডি, বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া অর্থের লেনদেন রেকর্ড পর্যালোচনা করছে গোয়েন্দারা।

গুলশানে ঝটিকা মিছিলের অর্থায়নে নাম আসা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা সূত্র জানায়, আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন। ২০২০ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হন এবং বিজয়ী হয়ে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

তবে ডিসি (সদর দপ্তর) শাহরিয়ার আলী বলেন, ‘দুই সদস্যের তদন্ত কমিটি হয়েছে। প্রশাসনিক বিষয় হওয়ায় কমিটি সদস্যদের নাম বা এ সংক্রান্ত অন্য কোনো তথ্য জানানো যাচ্ছে না।’

আ/আ