শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কেরা। তার সুচিকিৎসা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে যৌথভাবে চিঠি দিয়েছেন দেশটির সাবেক সাত অধিনায়ক।
ইমরানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তার পরিস্থিতি নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তার সঙ্গে চিঠিতে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।
চিঠিতে গ্রেগ চ্যাপেল ২০২২ সালে ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে তার শেষ সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা ইমরানকে তিনি সুস্থ, শক্তিশালী ও ফিট হিসেবে দেখেছিলেন। কিন্তু বর্তমানে কারাবন্দী ইমরানের স্বাস্থ্য নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে, তার সঙ্গে সেই সময়ের চিত্রের কোনো মিল খুঁজে পাওয়া কঠিন বলে উল্লেখ করেছেন সাবেক এই অজি অধিনায়করা।
তারা আরও জানিয়েছেন, কোনো রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থান থেকে নয়, বরং ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক হিসেবে তারা বিষয়টি নিয়ে উদ্বেগ জানাচ্ছেন।
চিঠিতে ইমরানের ক্রিকেট ও রাষ্ট্রীয় নেতৃত্বের অবদানের কথাও তুলে ধরা হয়েছে। তার নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতে। পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের মতে, ক্রিকেটার হিসেবে ইমরানের দক্ষতা ও নেতৃত্ব বিশ্ব ক্রিকেটে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। পাশাপাশি পাকিস্তানে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশটির মানুষের জন্য তার অবদানের কথাও তারা স্মরণ করেছেন।
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়ে গ্রেগ চ্যাপেল বলেছেন, কারাগারে তার মৃত্যুঝুঁকি বেড়েছে এবং বিষয়টি নিয়ে তারা গভীরভাবে চিন্তিত।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতা হারানোর পর বিভিন্ন মামলায় একাধিক কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। দুর্নীতির মামলাতেও তাকে দীর্ঘমেয়াদি সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।
ইমরান খানকে নিয়ে উদ্বেগ শুধু অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও ওয়াসিম আকরামও তার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকও ইমরানের সঙ্গে যা ঘটছে, সেটিকে বর্বরতার সঙ্গে তুলনা করেছেন।
এদিকে, ইমরানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান সম্প্রতি লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসের মাইকেল আথারটনকে সাক্ষাৎকার দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে সেই সাক্ষাৎকার বন্ধ করে দেওয়া হলে বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়।
আ/আ

