শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তের নাম শহীদ শেখ। ফরিদপুরের মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শহীদ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গজারকান্দি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জুলাই ফরিদপুরের একটি জুট মিলে কর্মরত ১৮ ও ২০ বছর বয়সি দুই বোনকে উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে সহকর্মী শহীদ শেখ ভারতের মুম্বাই শহরে পাচার করে। সেখানে তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়। এ ঘটনায় দুই তরুণীর বাবা ওই বছরের ১৩ আগস্ট সালথা থানায় শহীদ শেখ ও তার স্ত্রীকে আসামি করে মানবপাচার আইনে মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আ/আ













