সিলেট ব্যুরো
ছবি: সংগৃহীত
সিলেটে এক দিনের সফরে গিয়ে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তার গাড়িবহর হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় পৌঁছায়। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।
মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন।
এরপর তিনি হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করতে রওনা দেন। সেখানে জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিশ্রাম নেবেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতে ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে বেলা ১১টা ২৭ মিনিটে বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান। দুপুর ১২টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার নেওয়ার পর রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল ও শাহপরান মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

