শীর্ষ খবির ডেস্ক
সংগৃহীত ছবি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর নির্বাচন শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সাতটি ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। এরপর চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
নির্বাচন কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপের সময় এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

