শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের একক উদ্যোগের চেয়ে জনসচেতনতা ও সম্মিলিত প্রয়াসের ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘এডিস মশা দল-মত বা শ্রেণি-পেশা দেখে কামড়ায় না। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু স্প্রে বা লার্ভিসাইড প্রয়োগ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, যদি না নাগরিকরা নিজেরা সচেতন হন।’
প্লাস্টিকের পাত্র, পলিথিন ও ডাবের খোসাসহ পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
ডেঙ্গু চিকিৎসাসেবা প্রসঙ্গে মেয়র বলেন, চসিক পরিচালিত মেমন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে। সেখান থেকে রোগীদের বিনামূল্যে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জ্বর দুই-তিন দিন স্থায়ী হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও তাগিদ দেন তিনি।
ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে ওইদিন ওয়ার্ডে মশার প্রজনন ধ্বংস, লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

