ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে ছাত্রদল। সভায় ছাত্রদল নেতারা ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, পরিচ্ছন্নতা, সবুজায়ন, ডেঙ্গু বিষয়ে সচেতনতা এবং অপরিকল্পিত ও অনুমোদনবিহীন স্থাপনা অপসারণসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরেন। এছাড়া সমগ্র বিশ্ববিদ্যালয়ের চাহিদা বিবেচনায় ২০০টি ডাস্টবিন সরবরাহে সম্মত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে এ উদ্যোগ বাস্তবায়নে তারা এগিয়ে যেতে চান, বলে প্রস্তাব তোলেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
সেই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমকে বছরব্যাপী ও টেকসই কর্মসূচিতে রূপ দিতে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ছাত্রদল। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘ক্লিন ডে’ কর্মসূচি পরিচালনার কথা জানান তারা।
এসময় উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতার। আশ্বাস দেন। এছাড়া ওই মতবিনিময় সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদ এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

