শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি থেকে সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আলোচনার ওপর নির্ভর করবে।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

