• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে ভোক্তা অধিদপ্তরকে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৭

ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে ভোক্তা অধিদপ্তরকে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একজন মানুষ তার কষ্টার্জিত অর্থ দিয়ে যেন ভেজাল, নিম্নমানের বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের ১৭ থেকে ১৮ কোটি মানুষের ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘অধিদপ্তরকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। একই সঙ্গে অধিদপ্তরের বিদ্যমান সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘একটি প্রতিষ্ঠানের আকার বা পরিচিতির চেয়ে মানুষের জীবনে ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের বাস্তব প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি।’

আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা কার্যক্রম নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মাধ্যমে গবেষণা পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। গবেষণায় পাওয়া সুপারিশের আলোকে অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করা হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভোক্তারা প্রতিষ্ঠানটির সেবা আরও সহজে ও কার্যকরভাবে পাবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম। এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।