শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাটে গরু বহন করে নিয়ে যাওয়ার পথে ভ্যানের পেছনে সোহাগ পরিবহণের ধাক্কায় ভ্যানযাত্রী মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এসময় নিহতের ছেলে নাহিদ হাসান (২০) ও অজ্ঞাত ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খুলনার লবনচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে হতাহতরা উপজেলা বেতাগা পশুরহাট থেকে একটি গরু ক্রয় করে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহন ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে মো. জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলে মারা যান। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরমধ্যে নিহতের ছেলে নাহিদ হাসান আশঙ্কাজনক বলে পুলিশ জানান।
আরো পড়ুন
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে : পানিসম্পদ মন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে : পানিসম্পদ মন্ত্রী
উপজেলা মেডিক্যাল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার জানান, সড়ক দুর্ঘটনার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে।’
আ/আ













