শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে। শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে বিচার করা হবে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে। সেই লুটপাটের অর্থ ভোগ করার দিন শেষ হয়ে গেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হলেও এসব বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটের অভিযোগগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করতে চায় সরকার।
এ সময় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
আ/আ













