• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩০
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩০

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি। তবে চূড়ান্তভাবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজকে স্থায়ী কমিটির যে বৈঠক, সেটি আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে এই বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে চূড়ান্তভাবে কারা মনোনয়ন পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টার পর দলের গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যরাই উপস্থিত ছিলেন।