বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিগ বাজেটের এই জীবনীভিত্তিক সিনেমাটি হিন্দির পাশাপাশি একাধিক ভাষায় নির্মিত হবে। সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় এক বছর গবেষণা করে ছবিটির চিত্রনাট্য প্রস্তুত করা হয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। আর এই সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।
এম এস সুব্বুলক্ষ্মীর জীবনকে শুধু একজন সংগীতশিল্পীর সাফল্যের গল্প হিসেবে নয়, তার দীর্ঘ সাধনা, ধৈর্য ও ত্যাগের দিকটিও চলচ্চিত্রে তুলে ধরতে চান নির্মাতা।
এ প্রসঙ্গে গৌতম তিন্নানুরি বলেছেন, ‘এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। গানের পাশাপাশি সেই মানুষটির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চাই আমরা।’
কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানা। রাশমিকা বলেছেন, ‘আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার (সুব্বুলক্ষ্মী) ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা (সুব্বুলক্ষ্মী) নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।’

