শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
আটক আব্দুল হেলিম উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিবেশী আব্দুল হেলিম গত ৬ মাস ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে তাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত।
পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে ঘটনা প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমি তার কঠিন বিচার চাই। আমি মূর্খ মানুষ, আইনের এত কিছু বুঝি না। আমি শুধু চাই, প্রশাসন যেন তাকে কোনোভাবেই ছাড় না দেয়।
সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ছাত্রীর বাবার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত আব্দুল হেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আজ শনিবার নির্যাতনের শিকার শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ও ধর্ষককে আদালতে পাঠানো হয়েছে।
আ/আ

