• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজশাহী কোর্ট কলেজসহ সম্ভাবনাময় প্রতিষ্ঠান দ্রুত সরকারিকরণ করা হবে: ভূমিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৬
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৬

রাজশাহী কোর্ট কলেজসহ সম্ভাবনাময় প্রতিষ্ঠান দ্রুত সরকারিকরণ করা হবে: ভূমিমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজশাহী কোর্ট কলেজসহ সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সরকারিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কোর্ট কলেজের সম্মেলন কক্ষে আইসিটি ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে। রাজশাহীর ‘শিক্ষানগরী’ হিসেবে যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে কাজ করতে হবে। রাজশাহীকে সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।

শিক্ষাপ্রতিষ্ঠানকে মায়ের সঙ্গে তুলনা করে শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করতে হবে। একই সঙ্গে বিশ্বমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে একটি ছাত্রী হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। এ জন্য কলেজের পার্শ্ববর্তী এলাকায় ভূমি মন্ত্রণালয়ের কোনো খাস জমি থাকলে তা কলেজের নামে বরাদ্দের জন্য কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে আবেদন করার পরামর্শ দেন। আবেদন পাওয়ার পর দ্রুত জমি হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সাইদা খানম। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ভূমিমন্ত্রী কলেজের আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।