• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫০
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫০

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শেষ করে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর অনেকেরই বিভিন্ন বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে। বৈঠকে দলগুলোর প্রতিনিধিরা এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। পাশাপাশি দ্রুত আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অক্ষরে অক্ষরে সেভাবেই বাস্তবায়ন করব।’

তিনি জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি সরাসরি বৈঠকে অংশ নেন। একটি দল লিখিত বক্তব্য দিয়েছে এবং আরেকটি দলের প্রতিনিধি শেষ মুহূর্তে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। সব মিলিয়ে ১৭টি রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের বাইরে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরিপূরক প্রস্তাব এলে সেগুলোও পরামর্শ হিসেবে বিবেচনা করা হবে। তবে নতুন করে পুরনো সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সামনে আনা হলে প্রক্রিয়া জটিল হতে পারে। নতুন কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে বিশেষ কমিটির কাছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ কমিটির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন।

তার ভাষ্য, সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, তার প্রতিফলন রয়েছে জুলাই জাতীয় সনদে। এসবের কিছু বিষয় সংবিধান সংশোধনের মাধ্যমে এবং কিছু আইন, বিধি বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করলে তা নিজেদের নির্বাচনি ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

উচ্চকক্ষ গঠনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে, আবার কেউ মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে। এসব বিষয় আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।

বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণার মাধ্যমে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় না, এটি সম্পূর্ণ অসত্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল নিয়ে আসার চেষ্টা করব।’

বিশেষ কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও পুরো প্রক্রিয়াটি একপাক্ষিক নয় বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি এমন কোনো রাজনৈতিক দলও আলোচনায় অংশ নিতে চাইলে তাদের জন্য সুযোগ রয়েছে।

নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কেউ লিখিত বক্তব্য বা প্রস্তাব দিলে সেগুলোও বিশেষ কমিটি বিবেচনা করবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।