শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ রোধেও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ উদ্দেশ্যে বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ সময় দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে কোস্টগার্ডের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
কোস্টগার্ডের মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাকে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

