শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।
সাক্ষাতের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সামগ্রিক চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পৃথক কলেজ স্থাপনের পরিকল্পনা, দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, সাক্ষাতকালে সেসব বিষয়ও তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কার্যক্রম এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহীত কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন ভাইস-চ্যান্সেলর। কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে তুলতে ইতোমধ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

