বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
চলতি বছরের শুরুর দিকে জমকালো এক আয়োজনে ঘোষণা করা হয় স্টেপ ফুটওয়্যার জুতার নতুন শুভেচ্ছাদূত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রতিষ্ঠানটির হয়ে নিয়মিত কাজ করবেন তিনি। তবে বছর পূর্ণ হওয়ার আগেই ব্র্যান্ডটির শুভেচ্ছাদূতের তালিকা থেকে বাদ পড়েছেন তানজিন তিশা। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢালিউডের গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ফারিয়াকে ব্র্যান্ডটির নতুন মুখ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিভুক্ত করা হয়।
এর আগে অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছিলেন তানজিন তিশা। তরুণ প্রজন্মের কাছে ব্র্যান্ডের জনপ্রিয়তা পৌঁছানোর লক্ষ্যে তাকে যুক্ত করা হলেও, বছর ঘোরার আগেই তিশার সঙ্গে এই পথচলার ইতি টানল প্রতিষ্ঠানটি।
তবে তিশাকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ প্রাতিষ্ঠানিকভাবে জানানো হয়নি। ব্র্যান্ডটির সাথে তৌসিফ মাহবুব তার চুক্তি বজায় রাখলেও, নারী মুখ হিসেবে এখন থেকে প্রচারণা সামলাবেন নুসরাত ফারিয়া।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি দেশীয় ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি যেকোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে পণ্যের গুণগত মান, ডিজাইন ও গ্রাহকের আস্থার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। স্টেপের নতুন কালেকশনের আধুনিক ডিজাইন এবং আরামদায়ক অনুভূতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
উল্লেখ্য, এর আগে শাড়ি নিয়ে প্রতারণায় মামলায় নাম জড়ায় তানজিন তিশার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

