• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

থানচির দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব এক নারীর মৃত্যু হয়েছে আক্রান্ত অন্তত ৩০ জন পাশে দাঁড়িয়েছে বিজিবি

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৮
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৮

থানচির দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব এক নারীর মৃত্যু হয়েছে আক্রান্ত অন্তত ৩০ জন পাশে দাঁড়িয়েছে বিজিবি

থানচির দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব এক নারীর মৃত্যু হয়েছে আক্রান্ত অন্তত ৩০ জন পাশে দাঁড়িয়েছে বিজিবি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম মদক এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে।

একই এলাকায় আরো অন্তত ৩০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশুদ্ধ পানিসংকটের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে রয়েছে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন সংকট। এমন পরিস্থিতিতে স্থানীয় নৃগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম মদক এলাকায় আক্রান্তদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও খাদ্যসামগ্রী দিয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামে থুই মা চিং মার্মা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনার পর একই এলাকায় আরো অন্তত ১০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি বিজিবির নজরে আসে।

খবর পাওয়ার পর মদক বিওপির ব্যবস্থাপনায় একজন মেডিক্যাল সহকারী প্রয়োজনীয় ওষুধ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছান। সেখানে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

পরিস্থিতি বিবেচনায় দুর্গম এলাকার আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ৫৭ বিজিবির উদ্যোগে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়।

তবে ডায়রিয়ার প্রকোপ অব্যাহত থাকায় রবিবার (২০ সেপ্টেম্বর) পুনরায় চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে ৫৭ বিজিবি।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে আক্রান্ত ও অসহায় স্থানীয় নৃগোষ্ঠীর মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এ সময় তাদের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাবের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট এবং দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় আক্রান্তদের পাশাপাশি স্থানীয়দেরও স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিশুদ্ধ পানি ব্যবহারের বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি জনপদের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও জনকল্যাণে ৫৭ বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্যাটালিয়নের অধিনায়ক আরো জানান, ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার স্থানীয় নৃ-গোষ্ঠীর পাশে থেকে তাদের চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরো সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।

আ/আ