• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৯
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৯

ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুর সিদ্দিক আলীকে (৪৮) লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই রাসেলের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তার মেয়ের জামাই রাসেল। এ সময় সিদ্দিক আলীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রাসেল তার শ্বশুরকে লাথি মারলে মাটিতে পড়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে বের হয়ে গিয়ে দেখি সিদ্দিক ও তার মেয়ের জামাই রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে রাসেল সিদ্দিককে লাথি দিলে সে মাটিতে পড়ে যায়।

পরে তাকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জামাই রাসেল নেশা করত। নেশার টাকার জন্য মাঝেমধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করত সে।

নিহতের স্ত্রী রুনা বেগম অভিযোগ করেন, তার ছেলে চিৎকার করে জানায়, হ্যালো বাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে। পরে তারা ওই ব্যক্তিকে ধরে দেখেন তিনি তাদের মেয়ের জামাই রাসেল।

এ সময় রাসেল তার স্বামীকে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়।
শাস্তির দাবি করে তিনি বলেন, রাসেলের সঙ্গে আরো দুজন ছিল। তাদের একজনের নাম শাওন বলে জানান তিনি। এ ঘটনায় রাসেলসহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রুনা বেগম।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বলেন, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে মারধর করায় সে বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল ঘটনা পাওয়া যাবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আ/আ