• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

প্রশাসনকে বিএনপির সঙ্গে সমন্বয় করে চলতে হবে: ছাত্রদল নেতা

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩২
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩২

প্রশাসনকে বিএনপির সঙ্গে সমন্বয় করে চলতে হবে: ছাত্রদল নেতা

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
‘বিএনপি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বকারী দল, হেলাই-দুলাই রাজনীতিতে আসেনি। প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে আমাদের দলের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির।

সমাবেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা বহাল থেকে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন। প্রতিটি দপ্তরে কার কী ভূমিকা, আমাদের কাছে সবার খতিয়ান রয়েছে। আমরা বিগত ৬ মাস অত্যন্ত ধৈর্য ধরে কাজ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে সরকারি কোনো অফিসে আওয়ামী ঘরানার কোনো কর্মকর্তার বদলি বা পরিবর্তন হয়নি।’

ইসমাইল বিন মনির আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই পদে এসেছেন, উনি নিশ্চুপ হয়ে যাননি।

এর আগে আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার জয়কালী বাজার থেকে শুরু হয়ে আনোয়ারা সরকারি কলেজ ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্য বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশ থেকে লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে সতর্ক করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ডা. আবুল কাশেম, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আব্দুল হক, আক্তারুজ্জামানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অমিয়/