• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৫
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৫

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আন্তঃবিভাগ বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

গত ১৬ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা শুরু হয়। সাত দিনব্যাপী প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও খেলাধুলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বয়ে আনছে। ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি খেলাধুলার সঙ্গে পড়াশোনা ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও তোমরা যেন সমানভাবে সফলতা অর্জন করতে পারো এই আশাবাদ ব্যক্ত করছি।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, হার-জিত খেলারই অংশ। পরাজয়ের মধ্য দিয়ে নিজেদের ঘাটতি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। আগামীতে ভুলগুলো শুধরে নিয়ে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. শৈবাল চন্দ, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ছাড়া তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, পরিবহন দপ্তরের পরিচালক ড. মো. শিমুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।