সুনামগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি আইনজীবী খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা দায়েরের আগের দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে সুনামগঞ্জ পৌর শহরে একটি মিছিল হয়। মূলত এর পরিপ্রক্ষিতেই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক নোমান বখতসহ ৬৩জনের নামোল্লেখ করে ওই মামলাটি হয়েছে। পুলিশ এর আগে এই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
খায়রুল কবির সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এনামুল কবিরের (ইমন) বড় ভাই। তাঁর বাবা প্রয়াত আবদুর রইছ সংসদ সদস্য ছিলেন।
আইনজীবীরা জানান, দুপুর আড়াইটা দিকে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণ ও আশাপাশে সাদাপোশাকে পুলিশ অবস্থান নেয়। বিষয়টি বুঝতে পেরে খায়রুল কবির সমিতি ভবন থেকে বের হননি। এক পর্যায়ে সমিতির পক্ষ থেকে পুলিশকে অনুরোধসহ জানানো হয়, আগামিকাল শনিবার ওই মামলায় খায়রুল কবির আদালতে হাজির হবেন, তাঁকে যেন গ্রেপ্তার করা না হয়। কিন্তু পুলিশ সেখান থেকে না সরায় সন্ধ্যার পর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির মোটরসাইকেলে করে খায়রুল কবিরকে সদর মডেল থানায় নিয়ে যান। এ সময় সাদাপোশাকে পুলিশও আশপাশে ছিল। থানায় প্রবেশের পরই পুলিশ খায়রুল কবিরকে তাদের হেফাজতে নিয়ে নেয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুল হামিদ বলেন, খায়রুল কবির জেলা আইনজীবী সমিতির সদস্য। সন্ধ্যার পর আমরাই আমাদের সদস্যকে থানায় সোপর্দ করেছি।
খায়রুল কবিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভোমিক।

