• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯

স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বঘোষিত সংলাপ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত সংলাপ স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার লক্ষ্যে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি এতে অংশ নেওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ইসি সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানিয়ে প্রথম ধাপে ১২ নভেম্বর ভোটের সম্ভাব্য তারিখ দিয়েছিল। পরবর্তী ধাপগুলো ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত আয়োজনের কথা ছিল।

এরপর নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসায় ওই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানায় ইসি। সম্ভাব্য নতুন সময় হিসেবে আগামী বছরের জানুয়ারির কথা বলা হলেও তফসিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ফলে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি যখন পুনর্বিবেচনার পর্যায়ে রয়েছে, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বঘোষিত সংলাপও স্থগিত করল কমিশন। নতুন সময়সূচি ও পরবর্তী করণীয় নির্ধারণের পর সংলাপের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।