• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার বলেন, ‘চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে।’

বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম পদক্ষেপ নেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে অবদান রেখেছেন।’

স্পিকার বলেন, ‘বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে তিনি চীনের সহযোগিতা কামনা করেন।

এ সময় ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।’

তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। মেগাপ্রকল্পের পাশাপাশি বাংলাদেশে মাঝারি ও ছোট বিভিন্ন প্রকল্পেও চীনের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশকে এ অঞ্চলে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্রে পরিণত করতে চীন আগ্রহী। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন লজিস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সুযোগ রয়েছে।’

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-মায়ানমার-চীন করিডোর, রোহিঙ্গাসংকট ও জ্বালানি ইস্যু নিয়েও মতবিনিময় হয়।

স্পিকার বলেন, বাংলাদেশ সব সময় ‘ওয়ান চায়না পলিসি’ সমর্থন করে এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত রাখবে। তিনি ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনে চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।

একই সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী পরিষদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থনের জন্য চীন সরকারের সহযোগিতা কামনা করেন স্পিকার।

বৈঠকে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।