শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না।
বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এই অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণের কারণে বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ অসহায় হয়ে পড়েছিলেন।’
অনুষ্ঠানে জানানো হয়, বাঁশখালীর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সেই কাজে কোনো ভুল হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়াসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

