• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

দয়া করে ওই ছবিগুলো মুছে দিন : মানুষী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২০

দয়া করে ওই ছবিগুলো মুছে দিন : মানুষী

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
সাবেক মিস ওয়ার্ল্ড সুন্দরী মানুষী চিল্লার। বর্তমানে বলিউডে নিয়মিত অভিনয় করছেন। ইতোমধ্যে বলিউডে নিজের অবস্থান অনেকটাই পাকা করেছেন এই তারকা। নিজেকে লাইট-ক্যামেরা অ্যাকশনে সব সময় ব্যস্ত রাখলেও এবার ক্যামেরার জন্যই ভীষণ অস্বস্তিতে পড়েছেন এই সুন্দরী অভিনেত্রী।
গত মঙ্গলবার বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান মানুষী। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন, কথাও বলেন। কিন্তু বিমানবন্দরে ঢোকার সময়ই নজরে আসে অন্যকিছু। বিমানবন্দরে তারকাদের ক্যামেরাবন্দি করা এখন প্রায় নিত্যদিনের ছবি। হাসিমুখে পোজ়, হাত নাড়িয়ে অভিবাদন— সবই চলে। তবে সব ছবি যে স্বস্তির, তা নয়। এবার পিছন থেকে ছবি তোলায় আপত্তি জানালেন মানুষী চিল্লার। মুম্বাই বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনেই নিজের অস্বস্তির কথা স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে বলতে শোনা যায়, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পিছন থেকে তোলা ছবি দেবেন না।’
কথাটা বলার সময় গলায় ছিল না কোনো রাগ বা উত্তেজনা। বরং শান্তভাবেই নিজের আপত্তির কথা জানান অভিনেত্রী। এর পরেও ছবিশিকারিদের জন্য পোজ় দেন, হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে যান তিনি। জানা গিয়েছে, দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন মানুষী। তারকারা কীভাবে ক্যামেরাবন্দি হচ্ছেন, তা নিয়ে অবশ্য নতুন করে প্রশ্ন উঠছে। কিছু দিন আগেই ‘বিগ বস্ ২০’-এর একটি পর্বে এ প্রসঙ্গ তুলেছিলেন সালমান খানও। অভিনেত্রীদের অস্বস্তিকর কোণ থেকে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেছিলেন তিনি।
মানুষীই প্রথম নন। জাহ্নবী কাপূর, নেহা ধূপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই, শানায়া কাপূরসহ একাধিক অভিনেত্রী এর আগে তাদের আপত্তিকর কোণ থেকে ছবি তোলার বিষয়ে সরব হয়েছিলেন। তবে মানুষী চিল্লারের শান্ত কণ্ঠের এমন স্নিগ্ধ আচরণ মুগ্ধ করেছে তার ভক্তদের। এমন অনুরোধে ছবিশিকারি ব্যক্তিও আর ছবি তোলেননি তার।