• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বার্ষিক পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৮

বার্ষিক পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
নির্বাচন কমিশন শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে নভেম্বর-ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন না করে পরীক্ষা শেষে জানুয়ারিতে আয়োজনের চিন্তা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘সরকারের কোনো চাপে নয়, নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা রয়েছে, সেজন্য সেসময় বাদ দিয়ে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে যোগাযোগ বিভিন্ন ধরনের। চিঠি চালাচালি এক রকম যোগাযোগ, সামনাসামনি সাক্ষাৎ আরেক রকম যোগাযোগ। কেউ কাউকে আনুষ্ঠানিকভাবে বলে না নির্বাচন কবে হবে, এমন নজির নেই।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী বছরের রমজান মাস, ঈদ, এসএসসি, এইচএসসি পরীক্ষা আছে, সবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই কোনো বিঘ্ন না ঘটিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য আদান প্রদান হয়। ইসি তথ্য চায়, মন্ত্রণালয় তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতেই আগায় ইসি। অনেকে অনেক কথা বলে। কিন্তু নির্বাচন কমিশন আইনের বাইরে যায় না, সংবিধানের বাইরে যায় না।’

এই নির্বাচন কমিশনার বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে এ সময় নির্বাচন আয়োজন করা কঠিন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বাস্তবতার নিরিখেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

তিনি জানান, নির্বাচনের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।